
দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যে দলের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঘুষ-দুর্নীতি আমরা সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। ঘুষ খেয়ে যারা আত্মতৃপ্তি পেতে চায়, তাদের মতো জঘন্য প্রকৃতির লোক এই দেশটাকে এগিয়ে নিতে পারবে না।’

সংস্কৃতিমন্ত্রী ঘোষণা করেন, ‘সরকারি সুযোগ-সুবিধা ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা দলীয় পক্ষপাতিত্ব করা হবে না। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁরাও কার্ড পাবেন; যাঁরা দেননি, তাঁরাও পাবেন। এই কার্ড হবে প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা কবজ, যার মাধ্যমে সরকারি সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে।’
রাজনৈতিক ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, ধর্ম-বর্ণের পার্থক্য থাকবে; কিন্তু দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। আমরা জনগণের মধ্যে বিভেদ নয়, ঐক্য চাই।


