
আব্দুল্লাহ আল শামস, রাজশাহী(দূর্গাপুর)প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটে উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম স্থানীয় বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গে জড়িত। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ির নিচতলায় গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। এ সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল।
পরবর্তীতে দুপুর ২টা ৪৫ মিনিটে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। পরে এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


