
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে এবং সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সব দলই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তবে তারা চায় এই ব্যবস্থা যেন ত্রুটিমুক্ত হয় এবং ভবিষ্যতে কোনো বিতর্কের জন্ম না দেয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবে একটি ঐকমত্য দেখা গেছে। আইনসভার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ব্যবস্থা করার এই নতুন প্রস্তাব নিয়ে দলগুলোর কাছ থেকে মতামত পাওয়া গেছে, যার ভিত্তিতে আরও সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।


