
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান; এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ। তিনি এও দাবি করেছেন, এই পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি ইউনিটের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে অভিযান চালিয়ে হত্যা করেছে মার্কিন বাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পিট হেগসেথ এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ও পরিকল্পনাকারী ইরানি ইউনিটের নেতাকে খুঁজে বের করে খতম করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন সেক্রেটারি অব ওয়ার ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, ইরানের ড্রোন ও রকেট হামলায় নিহত চার মার্কিন সেনার মৃত্যুর বদলা নেওয়া হবে। মার্কিন সামরিক শক্তির দাপট তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন সাবমেরিন ডুবিয়ে দিয়েছে।
এদিকে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধে নিহতের সংখ্যা বাড়ছেই।
যুদ্ধের পঞ্চম দিনে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনী মূলত ইরানের নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েল ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান।


