
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর এবার গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানির বাড়তি দামের প্রভাব বাস পরিচালন ব্যয়ে কতটা পড়বে এবং সেই অনুপাতে ভাড়া কতটা সমন্বয় করা যায়—তা নির্ধারণে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে জ্বালানি তেলের নতুন দরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের বিষয়টি আলোচনা হবে।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে। সংগঠনটির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানিয়েছেন, জ্বালানির দাম বাড়ার সঙ্গে ভাড়া সমন্বয়ের একটি প্রস্তাবনা আগে থেকেই রয়েছে। এর পাশাপাশি মালিকপক্ষের কিছু দাবি-দাওয়াও বৈঠকে তুলে ধরা হবে।
তিনি বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে বাসভাড়া কী হারে সমন্বয় করা যায়, সে বিষয়ে পূর্বনির্ধারিত প্রস্তাব রয়েছে। আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।
লিটারে ২০ টাকা বেড়েছে জ্বালানির দাম
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর অনুযায়ী, ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
গণপরিবহণের বড় অংশ ডিজেলনির্ভর হওয়ায় জ্বালানির এ মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাস পরিচালন ব্যয়ে। ইতোমধ্যে পরিবহণ মালিকদের পক্ষ থেকে বাড়তি ব্যয় সমন্বয়ের জন্য ভাড়া পুনর্নির্ধারণের দাবি উঠেছে।
সিদ্ধান্ত হবে আলোচনার পর
বিআরটিএর একজন কর্মকর্তা জানিয়েছেন, পরিবহণ খাতের সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মালিকপক্ষ থেকে ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে; তবে কত হারে বাড়বে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
এর ফলে সোমবারের বৈঠকেই গণপরিবহণের নতুন ভাড়ার হার নির্ধারিত হবে কি না, সেটি নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা ও বিআরটিএর সিদ্ধান্তের ওপর।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু বাসভাড়াতেই সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিবহণ ব্যয় বাড়লে পণ্য পরিবহণ, যাতায়াত এবং সামগ্রিক সরবরাহব্যবস্থার খরচেও এর প্রভাব পড়তে পারে। ফলে নতুন জ্বালানি মূল্য কার্যকর হওয়ার পর সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে এর প্রভাব কতটা পড়ে, সেদিকেও নজর রয়েছে।


