
জি এম কাদেরের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীরা তাঁর নাম ধরে বিভিন্ন স্লোগান দেন এবং বাসার সামনে হইচই করেন। বাসার প্রধান ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাসার বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।
তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা তাঁকে ‘ভারত ও আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করেন। পরে পুলিশসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা সেখান থেকে চলে যান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না বলে জানান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। তাঁদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


