
রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এবং জনস্বার্থের বিষয়গুলো সামনে আনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে সংবাদমাধ্যমকে মানুষের আস্থা অর্জন করতে হয়। দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার মধ্যেও তথ্য যাচাই ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে সংবাদমাধ্যমটি আরও তথ্যনির্ভর, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি টাইমস অব বাংলাদেশের রাজশাহী ব্যুরো চিফ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। সঞ্চালনা করেন দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ.ম. সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) আহ্বায়ক হুজাইফা ও সদস্য সচিব তুহিন আলী।
এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সংবাদ পরিবেশনের ধরনও বদলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে মুহূর্তেই মানুষের কাছে সংবাদ পৌঁছে যাচ্ছে। তবে এই দ্রুততার সঙ্গে পাল্লা দিতে গিয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা যাবে না। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা, সূত্রের নির্ভরযোগ্যতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিশ্চিত করা সাংবাদিকদের দায়িত্ব।
তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সংবাদে ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরতে হবে। ভুল তথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে সাংবাদিকদের আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে।
বক্তারা ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। আগামী দিনে পত্রিকাটি আরও বিস্তৃত পরিসরে পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেবে এবং গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে ডেইলি টাইমস অব বাংলাদেশের রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়ালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, আরএমপি ও রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী মহানগর প্রেসক্লাব, রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) নেতৃবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


