
প্রচারণার শেষ দিনে রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাজশাহীজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৪টায় দিকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ অভূতপূর্ব। বয়স্ক, যুবক-যুবতী এমনকি শিশুরাও নির্বাচনী পরিবেশে আনন্দ ও আগ্রহ প্রকাশ করছে, যা ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রমাণ।

প্রচারণার শেষ দিনে রাজশাহীতে ধানের শীষের গণজোয়ার
তিনি অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিনু বলেন, “পরাজয় নিশ্চিত জেনেই তারা এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ এবার এসব মেনে নেবে না এবং কঠোরভাবে প্রতিহত করবে।”
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ২০২৩ সালের কর্মসূচির আলোকে নির্বাচিত হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং পিসি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, জামায়াত শুধু মুখে বড় বড় কথা বলছে এবং বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন করছে। বাস্তবে তাদের উল্লেখযোগ্য জনসমর্থন নেই। স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়নে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও দাবি করেন তিনি।
ধর্মের অপব্যবহার করে কিছু ব্যক্তি জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে মিনু আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি অতীতে জামায়াত বিভিন্ন সময়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দাবি করে ভবিষ্যতেও এ দল থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।


