
রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী রতন কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে পৌর এলাকার নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে। বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে ঘোষিত চারঘাট পৌরসভার নতুন বাজেটকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনাগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে চারঘাট পৌরসভা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।


