
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় প্রিজাইডিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণ নিশ্চিত করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মোতাওয়াক্কিল রহমান। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররা নির্বাচন ব্যবস্থাপনার মূল চালিকাশক্তি। তাঁদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ওপরই একটি সফল নির্বাচন অনেকাংশে নির্ভর করে।
কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি, গণভোট পরিচালনা, ফলাফল প্রেরণ প্রক্রিয়া এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।


