
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো চারঘাট উপজেলা প্রশাসনও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

উপজেলা সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, চারঘাট সার্কেলের এএসপি তুহিন হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুর রহমান, বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সবশেষে দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত ‘চল চল চল’ পরিবেশন করেন। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের সময় পুরো হলরুমে তৈরি হয় অন্যরকম আবহ। নজরুলের দুর্বার অগ্রযাত্রা ও জাগরণের আহ্বান যেন প্রতিটি কণ্ঠে নতুন করে প্রাণ পায়।


