
রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য, রাজশাহী মহানগর।বৃহস্পতিবার (১৪ মে) নগরীর আমানা ফুড ভিলে রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. কেরামত আলী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, “বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির, কর্নেল অলি আহমেদসহ জাতীয় পর্যায়ের ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।”
তিনি আরও জানান, রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে প্রায় তিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ থেকে সমাবেশের দিন পর্যন্ত আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা সমাবেশসংক্রান্ত সকল তথ্য জনগণের সামনে তুলে ধরবেন বলে আমরা প্রত্যাশা করি।”
এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে আগত সাংবাদিকদের জন্য বিশেষ বসার ব্যবস্থা ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা রাখা হবে।
১১ দলীয় ঐক্যের নেতারা জানান, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজশাহীবাসীর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এটি একটি স্মরণীয় গণজমায়েতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


