
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাঁকোয়া গ্রামে নিহত আলাউদ্দিনের শাহাদাত স্মরণে আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট পৌরসভা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং হড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার এক অনন্য সময়। এ মাসে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সংযম ও মানবিকতার চর্চা বৃদ্ধি করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশে বিরাজমান নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও সামাজিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা অপরিহার্য।
অধ্যাপক আজাদ ঈদুল ফিতরের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি কর্তৃক মুয়াজ্জিন হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানান। তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে হয়রানিমূলক বলে অভিহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আ. খালেক। তিনি বলেন, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং গুনাহ থেকে দূরে থাকা, আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য লাভের মহৎ শিক্ষা। রমজান মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি স্থানীয়ভাবে উল্লেখ করেন, “আমরা এই পৌরসভার লোক, বহিরাগত নই। সবাই মিলেমিশে থাকতে চাই, অযথা হয়রানি করবেন না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শূরা সদস্য এফএম ইসমাইল আলম আল হাছানী, মোহনপুর উপজেলা নায়েবে আমীর হাসান আলী, সেক্রেটারি আ. গফুর মৃধা, সহকারী সেক্রেটারি আব্দুল আজিজ ও শাহ জামাল, কেশরহাট পৌরসভা আমীর আব্দুল জলিল, সেক্রেটারি মুখলেসুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সকল অতিথি ও উপস্থিত নেতাকর্মীরা। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ইসলামী মূল্যবোধ প্রচার এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রমজানের পবিত্রতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।


