
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ব্র্যাক কার্যালয়ে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে দাপ্তরিক কাজে মাঠপর্যায়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন আনোয়ার হোসেন। তাঁর মোটরসাইকেলটি ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস সেটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান আনোয়ার। পরে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি তাঁকে কিছু দূর টেনেহিঁচড়ে নিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দুর্ঘটনার খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এসআই আবুল কালাম আজাদ আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


