
ইরানের সঙ্গে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে নতুন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তহবিলে যুক্তরাষ্ট্র ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।প্রতিবেদন অনুযায়ী, তহবিলের লক্ষ্য হবে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মেরামত করা। একই সঙ্গে তেল ও গ্যাস পরিবহনে হরমুজ প্রণালির ওপর মধ্যপ্রাচ্যের দেশগুলোর নির্ভরতা কমানো হবে।

যুক্তরাষ্ট্র এই তহবিলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইরাক ও জর্ডানের কাছ থেকেও সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছে।
আট দেশ মিলে আরও ৫০০ কোটি ডলার দিলে তহবিলের মোট আকার দাঁড়াবে ১ হাজার কোটি ডলার। প্রস্তাবিত তহবিলটির নাম ‘পার্টনারশিপ ফর ট্রাস্ট অ্যান্ড অ্যালাইড রিকনস্ট্রাকশন’ হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে
তবে তহবিল গঠনের বিষয়ে এখনো আলোচনা চলছে। এর শর্ত পরিবর্তন হতে পারে। অন্য দেশগুলোর অংশগ্রহণও এখনো চূড়ান্ত হয়নি। মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের মধ্যে সহযোগিতা দেখানোর উদ্যোগ এটি।
তবে কয়েকজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি না করে ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা পুনর্নির্মাণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, পুনর্নির্মিত স্থাপনাগুলোতে ইরান আবার ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
প্রস্তাবিত তহবিল পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন। এটি একটি সরকারি সংস্থা, যা বেসরকারি খাতের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির লক্ষ্য এগিয়ে নেয়।


