
ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের দোরচেহ শহরে মঙ্গলবার একটি সামরিক হেলিকপ্টার ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছিলেন হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলট এবং দুইজন স্থানীয় ফল ব্যবসায়ী।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন লাগে, তবে দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ইরানের বিমান নিরাপত্তার রেকর্ড বেশ দুর্বল। দেশটিতে প্রায়শই বিমান দুর্ঘটনা ঘটে, কারণ অনেক বিমান এখনও ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে সঠিক রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না।
গত সপ্তাহেও ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। যুদ্ধবিমানটি তখন প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।


