
এক ঘণ্টাতেই অভিযান সম্ভব, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের সামরিক হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, পেন্টাগন চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই সেখানে পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনা করতে পারে। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে আগে পরিচালিত মার্কিন বাহিনীর ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এখন প্রয়োজন হলে পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এটিকে খুব বড় কোনো বিষয় নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা যেকোনো সময়, আমাদের ইচ্ছেমতো সময়ের মধ্যে এক ঘণ্টার নোটিশে সেখানে অভিযান সম্পন্ন করতে পারি।”
‘ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির তৎপরতা চালাচ্ছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে দেওয়া হবে না। এমনকি কূটনৈতিক আলোচনার টেবিলেও ইরান বর্তমানে কোনো সুবিধাজনক অবস্থানে নেই বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে চলমান এই তীব্র উত্তেজনা ও সংঘাতকে সরাসরি ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ বলতে নারাজ ট্রাম্প। তাঁর ভাষায়, এটি মূলত একটি ‘খুবই সীমিত পর্যায়ের সংঘাত’ (সফট ওয়ার)। তিনি দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোতে নেওয়া সামরিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে।
কেশোম দ্বীপে হামলা ও ড্রোনের পাল্টাপাল্টি দাবি
এদিকে ফক্স নিউজে সাক্ষাৎকারের আগেই হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সীমিত আকারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর বরাতে জানা যায়, মার্কিন বিমানের নিরাপত্তা নিশ্চিত এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর সম্ভাব্য হুমকি প্রতিহত করতে ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ওই হামলা চালানো হয়।
ইরানি সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে দফায় দফায় বিকট বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। তবে এই হামলার পরপরই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশে নজরদারির সময় তারা মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন ভূপাতিত করেছে এবং আরও দুটি ড্রোন ইলেকট্রনিক কৌশলে নিয়ন্ত্রণে নিয়ে জব্দ করতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও বড় ধরনের যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে।


