
ইনোভেট টু মার্কেট’ প্রত্যয়ে রাজধানীর নভোথিয়েটারে শুরু হলো প্রযুক্তি মেলা
রুয়েট প্রতিনিধিঃ তরুণ প্রজন্মের মেধা আর প্রযুক্তির মেলবন্ধনে দেশের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনে নিজেদের উদ্ভাবনী চমক নিয়ে হাজির হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

এদিন মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং তাদের উৎসাহ জোগান রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
বাজারমুখী উদ্ভাবনের সেতুবন্ধন
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত ও বিনিয়োগকারীদের একই মঞ্চে আনা। এর মাধ্যমে তরুণ উদ্ভাবকদের সৃজনশীল ধারণাকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে সরাসরি বাজারজাতকরণ ও দেশের অর্থনৈতিক-প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগানোর কার্যকর সুযোগ তৈরি হয়েছে।
দুই স্টলে রুয়েটের ৭টি টিম
এবারের মেলায় রুয়েট শিক্ষার্থীদের মোট ৭টি দল দুইটি আলাদা স্টলে (৬৮ ও ৬৯ নম্বর) তাদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন প্রকল্পের প্রোটোটাইপ প্রদর্শন করছে। টিমগুলোর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।
শিল্প ও বিনিয়োগের নতুন দিগন্ত
মেলা প্রাঙ্গণে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির কার্যপদ্ধতি, প্রোটোটাইপ ও পোস্টার দেখতে ভিড় করছেন দর্শনার্থী, গবেষক ও শিল্পোদ্যোক্তারা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এ জাতীয় আসরে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোর সঙ্গে সরাসরি শিল্প ও বিনিয়োগ খাতের সংযোগ ঘটবে। এতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আরও জোরদার হবে।
তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, করপোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি মেলায় বিষয়ভিত্তিক প্লেনারি ও প্যারালাল সেশন, গোলটেবিল বৈঠক এবং সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।


