
আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগর অলকার মোড়ে মানবাধিকার সংগঠন অধিকার এর আয়োজনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।


মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের দৈনন্দিন জীবনের ভিত্তি হোক মানবাধিকার’। এ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।
বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ গ্রহণ করে। এতে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, আর্থিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সব মানুষের জন্য মানবাধিকারের সমতা ও সর্বজনীনতা নিশ্চিত করা হয়। ঘোষণাপত্রে প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের দায়-দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সেই ঐতিহাসিক দিনটি প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


