
নভেম্বরের বিরতির পর পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ৪১ বছর বয়সী তারকাকে
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌদি ক্লাব আল নাসরের এই তারকা। ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’
পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি যদি কখনো আপনাদের খুশির কারণ হয়ে থাকি, আমার কোনো গোল উদযাপনে যদি কাউকে জড়িয়ে ধরে থাকেন, দুশ্চিন্তা ভুলে নিজের দেশকে নিয়ে গর্ব করে থাকেন, তাহলে এটাই আমার সার্থকতা।’
জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের যাত্রায় পাশে থাকা পরিবার, সমর্থক, সতীর্থ, কোচ ও স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বিদায়বার্তার সঙ্গে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পর্তুগাল সব সময় আমার অংশ হয়ে থাকবে।’
২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন এই তারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে।
রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।


