
রিহিবিনোদন ডেস্ক: জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন নাহার তিশার প্রাথমিক সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে টেলিভিশন অভিনয়শিল্পীদের পেশাজীবী সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটির শৃঙ্খলাবিধি ও সিদ্ধান্ত না মানার অভিযোগে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিমূলক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে যা বলা হয়েছে

সংগঠনের প্যাডে পাঠানো চিঠি অনুযায়ী, তানজিন তিশার সদস্যপদ স্থগিতের আনুষ্ঠানিক সিদ্ধান্তটি নেওয়া হয় গত ৪ অক্টোবর। এতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠুর যৌথ স্বাক্ষর রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তানজিন তিশার সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছিল সংগঠনটি। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই নোটিশের বিপরীতে তিনি অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে কোনো লিখিত জবাব কিংবা ব্যাখ্যা জমা দেননি।
কার্যনির্বাহী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত
চিঠিতে আরও জানানো হয়, শোকজের কোনো জবাব না আসায় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ‘সালিশ ও বিরোধ নিষ্পত্তি’ সংক্রান্ত সভার সুপারিশ বিবেচনায় নেওয়া হয়। পরবর্তীতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।


