
র্যালি, সংবর্ধনা ও নতুন শিক্ষামূলক উদ্যোগের উদ্বোধন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার ঐতিহ্যবাহী বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে শহিদ মেহেরিন চৌধুরী অডিটোরিয়াম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্লাইমেট ক্লাব এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়েই শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের সভাপতি মো. মাহাবুর সরকার (জনি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর আলী, সহকারী অধ্যাপক মো. সোহেল আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক দুলাল এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হযরত আলী সরকার।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন ক্লাবভিত্তিক কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১২০ বছরের ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নতুন উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মিড ডে মিল কর্মসূচি ও বিভিন্ন ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


