
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি নেই, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় কোনো সমঝোতা বা অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরান। তবে ওয়াশিংটন নতুন করে হামলা চালালে তার জবাবে বিধ্বংসী পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের আলোচক দলের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অবস্থানের কথা জানান।
বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীত কূটনৈতিক অভিজ্ঞতার কারণে আলোচনার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান আত্মরক্ষা করবে এবং বিধ্বংসী পাল্টা জবাব দেবে।
তিনি আরও বলেন, নিজেদের বৈধ স্বার্থ ও দাবি আদায়, শত্রুদের আগ্রাসন প্রতিহত করা এবং এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে ইরান কূটনৈতিক সুযোগ হাতছাড়া করবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে ওয়াশিংটন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
এর মধ্যেই সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। তবে হামলাটিকে বড় ধরনের সামরিক অভিযান হিসেবে দেখাতে চাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, কেশম দ্বীপে হামলা যুদ্ধ শুরুর ঘটনা নয়; এটি ছিল ছোট পরিসরের হামলা।
সূত্র: আলজাজিরা।


