
স্থানীয় সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগকে সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—স্থানীয় সরকারের দায়িত্ব পালন করবেন নির্বাচিত প্রতিনিধিরাই। অথচ দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হচ্ছে, যা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, একটি গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনের ফলাফল নিয়ে কষ্ট থাকলেও দল তা মেনে নিয়েছে।
তিনি বলেন, আমরা সরকারের ব্যর্থতা চাই না, সফলতা চাই। সরকার সঠিক পথে চললে আমরা সহযোগিতা করব।
জ্বালানি সংকট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকার বলছে কোনো কিছুর অভাব নেই। কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন বাস্তবতার ভিন্ন চিত্র তুলে ধরছে। জাতীয় সমস্যাগুলো সমাধানে সব রাজনৈতিক দলকে নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ২৪-এর চেতনা বিকৃত করার চেষ্টা করা হলে আবারও “৫ আগস্ট”-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শহীদদের রক্ত কোনোভাবেই অবজ্ঞা করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আবারও রাজপথে নামবে জনগণ।
তারা বলেন, সমাজ থেকে চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি বন্ধ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জ্বালানি সংকট দ্রুত সমাধান করতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা হলেও সেটি বাস্তবায়নের ক্ষেত্রে শপথ নিতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। দ্রুত বাস্তবায়ন না হলে নতুন করে ফ্যাসিবাদের তৈরি হতে পারে। ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনে হাদিসহ অনেক যোদ্ধা জীবন দিয়েছেন—তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে।
আগামী ২৯ তারিখ জাতীয় সংসদে আলোচনার আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবারও “৫ আগস্ট”-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তারা।


