
সৌদি আরবের তেল পরিবহন ব্যবস্থায় হামলার পেছনে সম্ভবত ইরান জড়িত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে। শনিবার আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরান থাকার সম্ভাবনাই বেশি।
শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলে থাকা ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আঘাত হানে। এতে কয়েকজন আহত হন এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

সৌদি সরকার জানিয়েছে, আপাতত তারা পাল্টা ব্যবস্থা নেবে না। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বাগদাদকে আরও হামলা ঠেকানোর সুযোগ দিতে রিয়াদের প্রতি আহ্বান জানানোর পর সৌদি আরব এ সিদ্ধান্ত নেয়।
ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা সরকারি তদন্তে সহযোগিতার প্রস্তুতির কথাও জানিয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।


