
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে আলেপ্পোর আল-ইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী জানান, একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনায় কিছুটা বিলম্ব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেন, শেষ রাতের দিকে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দূরে বড় ধরনের অগ্নিশিখা দেখতে পান তিনি।
বিস্ফোরণের কারণ অজানা
এখনো পর্যন্ত কী কারণে ওই গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আলেপ্পোর মেয়র।
সাম্প্রতিক সময়ে একাধিক বিস্ফোরণ
সিরিয়ার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ শারার নেতৃত্বাধীন সরকার এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।
আলেপ্পোর সর্বশেষ বিস্ফোরণের ঘটনাও নতুন করে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়।


