
দেশের সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পরিণতি উল্লেখ করে নির্বাচন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে। আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তরে রয়েছেন। দুঃখজনক! এ পরিস্থিতির জন্য কে দায়ী, গভীর বিশ্লেষণের দরকার।”
মাছউদ আশা প্রকাশ করেন যে, একসময় এই পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ এবং গবেষণা হবে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নিজের দায়িত্বটাকে আইনানুগভাবে করতে হবে। কারও দিকে না তাকিয়ে আইন মেনে কাজ করতে হবে; সংবিধান ও আইন মেনে কাজ করলেই সবার জন্য সমান সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, “কে কী করল, কী ভাবল, চিন্তা করল সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই।”

মাছউদ বলেন, একজন প্রিসাইডিং অফিসার হলেন মূল ব্যক্তি, যিনি একটি অবাধ নির্বাচন পরিচালনা করবেন। তিনি বলেন, “তার দায়িত্ব ঝুঁকিপূর্ণ হবে। সঠিক দায়িত্ব পালন করতে হবে। আইন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তা না হলে প্রশ্ন আসবে কোনো কোয়ার্টার থেকে কোন দপ্তর, বিভাগ থেকে প্ররোচিত হয়েছেন।” তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা ফ্রি, ফেয়ার ইলেকশন চাই।”


