
নকশাবহির্ভূত নির্মাণে ছাড় নেই চট্টগ্রাম নগরীতে ফের অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। দুই দিনের অভিযানে সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ সাতটি ভবনে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ভবন সিলগালা ও দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চউকের অথরাইজড জোন-২-এর আওতাধীন কোতোয়ালি ও চকবাজার থানার লালদিঘীর পাড়, আসকার দিঘীর পাড় ও চট্টেশ্বরী রোড এলাকায় এ অভিযান চালানো হয়। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে নকশার ব্যত্যয়, অনুমোদনবহির্ভূত নির্মাণ এবং পার্কিংয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের একপর্যায়ে চট্টেশ্বরী রোডে সাবেক মেয়র রেজাউল করিমের ছয়তলা ‘হামদর্দ বিল্ডিং’-এ অভিযান চালানো হয়। ভবনটির নিচতলার পার্কিং স্পেসে দোকান নির্মাণের অভিযোগে মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী নভেম্বরের মধ্যে পার্কিং স্পেসে নির্মিত দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


