
রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে চিড়িয়াখানা থেকে স্থানান্তর করা প্রাণীগুলো কোথায় রয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখান।
প্রতিমন্ত্রী বলেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। কিন্তু বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি প্রায় অস্তিত্ব সংকটে পৌঁছেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী চিড়িয়াখানাটিকে পুনরুদ্ধার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বিনোদনকেন্দ্রে রূপ দেওয়া হবে।
তিনি আরও বলেন, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে কী অবস্থায় রয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।
রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন। নিরাপদভাবে মাংস সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ এবং ইমামদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের সরকার অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে দৃশ্যমান নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে স্বল্প সময়েই নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং সার্বিক নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে নগরজুড়ে বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও চলমান রয়েছে।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


