
সম্মিলিত ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আগে তাঁদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা যাচাই করতে একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে সিস্টেমে যাচাই করা হচ্ছে তাঁর কোনো খেলাপি ঋণ আছে কি না। কোনো গ্রাহক খেলাপি হলে বা তাঁর ঋণের তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর নিয়ম অনুযায়ী তাঁর টাকা তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অপর এক কর্মকর্তা বলেন, কোনো গ্রাহকের খেলাপি ঋণ না থাকলে তিনি নিয়ম অনুযায়ী টাকা তুলতে পারবেন। পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।
গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ব্যাংকে আমানত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকটির দায়িত্ব এখন সরকার নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক পুরো কার্যক্রম তদারকি করছে। ফলে আমানতকারীদের অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না।


