
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দীর্ঘ পর্যালোচনার ভিত্তিতে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আওয়ামী লীগকে এ দেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধানে ইসলামী মূল্যবোধ
সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি জাতীয় সংবিধানে আবহমান ইসলামী মূল্যবোধের বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে ধারণ করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের সব ধর্ম-বর্ণের জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য।
ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে হেফাজতের ভূমিকা
আন্দোলন-সংগ্রামে আলেম সমাজের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দ্বীন ও দেশের পক্ষে আপসহীন প্রতিবাদ অব্যাহত রেখেছিল। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীসহ শীর্ষ আলেম-ওলামারা এ লড়াইয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন।
বিগত ১৬-১৭ বছরের ত্যাগের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমাদের স্বাধীনতা অর্জনে যেমন ২৩ বছর সংগ্রাম করতে হয়েছিল, তেমনি ফ্যাসিবাদ মুক্ত হতে ১৬ থেকে ১৭ বছর লড়াই করতে হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী শুধু জুলাই-আগস্টের অভ্যুত্থানেই এক হাজার চার শতাধিক মানুষ শহীদ হয়েছেন। আর বিগত দেড় দশকে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত সাত হাজার মানুষ।”
খুনি আওয়ামী লীগের আর রাজনীতি নয়
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের মুক্তিকামী মানুষ আর কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে রাজপথে নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে, সেই স্বৈরাচারী ও খুনি শক্তির পুনর্বাসন এ দেশের মাটিতে আর হতে দেওয়া হবে না।”
বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন শামীম কায়সার লিংকন, সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শীর্ষ ওলামায়ে কেরাম।


