
শীত মৌসুম সামনে রেখে রাজধানীসহ সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে এ সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর কাছে গতকাল রোববার একটি চিঠি দিয়েছে মালিক সমিতি। চিঠিতে শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের ঘোষণা অনুযায়ী সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট কখনো সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে বন্ধ করে আসছেন ব্যবসায়ীরা।



