
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির উপস্থিতি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। অনেকে এই দুই ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা কথা জানিয়েছেন। অনেকে বিগত সময়ে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এই ক্রিকেটারকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন।

এমন আলোচনার মধ্যে নতুন করে যোগ দিলেন ভারতের ৭০ বছর বয়সী সাবেক কোচ সন্দীপ পাতিল। তিনি বিশ্বাস করেন রোহিত শর্মা বা বিরাট কোহলিকে ছাড়াই ভারত ভালো ফলাফল করতে সক্ষম হবে। আগামী বছরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাতিলের এই মতামতের ভিত্তি হলো ভারতীয় দলের খেলোয়াড়দের গভীরতা (বেঞ্চ স্ট্রেন্থ) এবং সিনিয়র খেলোয়াড়দের পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিয়ে নির্বাচকদের আগাম পরিকল্পনা করার সক্ষমতা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর থেকে ভারতের ‘হোয়াইট-বল’ ক্রিকেটে রোহিত ও কোহলি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন।
রোহিত ২৮৮টি ওয়ানডে ম্যাচে ৪৮.৯৫ গড়ে ১১,৮৯৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩৪টি সেঞ্চুরি ও ৬২টি হাফ-সেঞ্চুরি। অন্যদিকে কোহলি ৩১৪টি ওয়ানডে ম্যাচে ৫৮.৫৯ গড়ে ১৪,৯৪১ রান সংগ্রহ করেছেন; তার নামের পাশে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি হাফ-সেঞ্চুরি। এই দুই ক্রিকেটার চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিলেন, যেখানে রোহিত একটি সেঞ্চুরিসহ মোট ১৭৫ রান করেছিলেন।
এমন পরিস্থিতিতে ‘স্পোর্টসনেক্সট’-এর সঙ্গে আলাপকালে পাতিল বলেন, সবকিছুই এই দুই খেলোয়াড়ের ওপর নির্ভর করছে। তারা কি খেলা চালিয়ে যেতে চাইবেন? তারা কি নিজেদের ফিটনেস ধরে রাখতে পারবেন? নির্বাচকদের কৌশলটাই বা কী?
তিনি আরও বলেন, নির্বাচকরা কি ভবিষ্যতের কথা ভাবছেন? বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি আমাদের এটাও বিবেচনা করতে হবে, দল থেকে বাদ পড়ার সময় এলে তাদের জায়গা নেওয়ার মতো যথেষ্ট যোগ্য কেউ আমাদের হাতে আছে কি না। আর ভারতীয় দলের ‘বেঞ্চ স্ট্রেন্থ’ বা রিজার্ভ বেঞ্চের শক্তির কথা যদি ধরি, যার কথা আমি একটু আগেই বললাম তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে; বিরাট বা রোহিত দলে থাকুন বা না থাকুন।
পাতিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন যা নির্ধারণ করবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কি না। তিনি ব্যাখ্যা করেন, এই সিদ্ধান্ত নির্ভর করছে খেলোয়াড়দের নিজেদের ক্যারিয়ার দীর্ঘায়িত করার ইচ্ছাশক্তি, ফিটনেস বা শারীরিক সক্ষমতা বজায় রাখার ক্ষমতা এবং দল গঠনের ক্ষেত্রে নির্বাচকদের দূরদর্শী চিন্তাধারার ওপর। পাতিলের মতে, ভারতীয় দলের হাতে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় (বেঞ্চ স্ট্রেন্থ) রয়েছে, যার ফলে এই দুই ব্যাটারের যেকোনো একজনের অনুপস্থিতিতেও বড় কোনো সমস্যা ছাড়াই দল সামলে উঠতে পারবে।
পাতিল উভয় খেলোয়াড়ের মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দীর্ঘ পথচলা এবং ভবিষ্যতের কিংবদন্তি হিসেবে তাদের অবস্থানের কথা স্বীকার করেছেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ডের প্রশংসা করেছেন পাতিল; অন্যদিকে কোহলির অর্জনের কথা উল্লেখ করেছেন। ভারতীয় ক্রিকেটে তাদের প্রভাবের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাবেক এই কোচ জোর দিয়ে বলেছেন, দলের গভীরতা বা বিকল্প খেলোয়াড়দের উপস্থিতি ভবিষ্যতের জন্য নানা সুযোগ তৈরি করে রেখেছে বলেও মত দেন তিনি।


