
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. কাজী মামুন রানা।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের নানা সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জামায়াত নেতা
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই বা না হই, সেটা বড় বিষয় নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর হিসেবে আমি সবসময় আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য জোরালো ভূমিকা পালন করবো।
সভায় তিনি কর্মকর্তাদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০২২ সালের ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী প্রশাসক নয়, যোগ্য কর্মকর্তাদের মাধ্যমে প্রশাসনিক পদে নিয়োগ, ২০২০ সাল থেকে সিন্ডিকেট সিদ্ধান্ত অনুসারে অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমানের পদে আপগ্রেডেশনের ব্যবস্থা, ১৭ জুন ২০১৭ সালের সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী কর্মকর্তাদের উচ্চতর স্কেলের সুবিধা,শিক্ষকদের মতো কর্মকর্তাদেরও চাকরির বয়সসীমা ৬৫ বছর সহ,কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক নীতিমালা বাতিল করা।
উক্ত আলোচনা সভায় প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা জামায়াত নেতার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার আশ্বাসের প্রতি আস্থা রাখেন।


