
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।

টিসিবির রাজশাহী অফিসের প্রধান আতিকুল ইসলাম জানান, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে নির্ধারিত প্যাকেজের আওতায় একজন ক্রেতাকে সব পণ্য মিলিয়ে ৪৮০ টাকায় কিনতে হবে।
তিনি আরও জানান, শুক্রবার ছাড়া প্রতিদিন এ কার্যক্রম চলবে। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬ হাজার গ্রাহকের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এদিকে বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য পাওয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন বিক্রয়স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় ক্রেতাদের।
তবে অতিরিক্ত ভিড় ও লাইনে শৃঙ্খলার অভাবে কয়েকটি স্থানে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে বয়স্ক কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


