
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। গত সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

ফেসবুক পোস্টে মুহাম্মদ সাঈদ নোমান লিখেছেন,
“আমার সংসদীয় আসন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনু ভাইয়ের নাম ঘোষণা করেছে। এবি পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি, মুহাম্মদ সাঈদ নোমান, এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও গৌরবময় নজির স্থাপন করব, ইনশাআল্লাহ।”
এবি পার্টির এই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি এমন ভদ্র ও সহনশীল মনোভাব পরিপক্ব রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ইতিবাচক বার্তা নির্বাচনী পরিবেশকে আরো সৌহার্দ্যপূর্ণ করতে সহায়ক ভূমিকা রাখবে।


