
রাজশাহী রেঞ্জ পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২০২ জনের মধ্যে পরোয়ানামূলে ৯৬ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলায় ৭৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি দস্যুতা, দুটি চুরি এবং অন্যান্য অপরাধে ৫১টি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যুর ছয়টি ঘটনা ঘটেছে।
তবে গত ২৪ ঘণ্টায় ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত কোনো মামলা রেকর্ড হয়নি বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৬ গ্রাম হেরোইন, ৪৬১ বোতল ফেনসিডিল, ২৮ বোতল কাফ সিরাপ, ৫ হাজার ৮৭৯ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল, ১৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৬০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এদিকে, পুলিশি সেবার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৫০ জন নাগরিককে সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত রেঞ্জের আওতাধীন এলাকায় মোট ১৯ হাজার ৮০২ জন নাগরিককে পুলিশি সেবা দেওয়া হয়েছে।


