
বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন
বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সদর কমিটির রাজশাহী শ্রমিক প্রতিনিধি নির্বাচন-২০২৬-এ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের পুরো প্যানেল বিজয়ী হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক নির্বাচনে ভোটারদের বিপুল সমর্থন পেয়ে প্যানেলের তিন প্রার্থীই পরিচালক পদে নির্বাচিত হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৫২২ জন ভোটারের মধ্যে ৪৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, পরিচালক পদে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের প্রার্থী এস এম সাইফুল ইসলাম ‘আম’ প্রতীকে সর্বোচ্চ ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের শরীফ উদ্দিন প্রামাণিক ‘মই’ প্রতীকে ৩৭৫ ভোট এবং সৈকত আহম্মেদ ‘মাছ’ প্রতীকে ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হন।
অপরদিকে প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী আমানউল্লাহ ‘ছাতা’ প্রতীক নিয়ে ১৬৩ ভোট লাভ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কল্যাণ ট্রাস্টের এ নির্বাচনে প্রতিটি ভোটার তিনটি করে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচিত তিনজন পরিচালক পরবর্তীতে নিজেদের মধ্য থেকে একজনকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব প্রদানের জন্য মনোনীত করবেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা এ বিজয়কে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের আস্থা, বিশ্বাস ও সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বিজয়ী প্রার্থীরা। তারা শ্রমিক-কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।


