
নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার প্রতিবাদ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল করেছে এনসিপি মহানগর শাখা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা ২৫ মিনিট পর্যন্ত নগরীর বোয়ালিয়া থানাধীন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এনসিপি রাজশাহী মহানগরের কার্যালয় গণকপাড়া মোড় থেকে শুরু হওয়া মশাল মিছিলটি জিরো পয়েন্ট ও মনি চত্বর প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিলে প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান, রাজশাহী জেলা এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক মো. নাহিদুল ইসলাম সাজু এবং জাতীয় ছাত্রশক্তি রাজশাহী জেলার আহ্বায়ক মোতালেব হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও ভয়ভীতির রাজনীতি গণতন্ত্র, মানবাধিকার এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তারা হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয় এবং পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে।


