
রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী কোর্ট এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সেলিম আহম্মেদ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মো. শামীম হাসান ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. সাদিয়ার রহমান (ভুলান) ৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা ১০০ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বদিউজ্জামান (সুজন) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ুন আক্তার (শাহান) ১৩২ ভোট, আইন বিষয়ক সম্পাদক পদে মো. আফরোজেল ইসলাম (লিপন) ৮৬ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ১১০ ভোট এবং প্রচার সম্পাদক পদে মো. ইকবালুর রহমান (খালিদ) ১১০ ভোট পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. টিপু সুলতান, মো. আসিফ ইকবাল কাজল ও মো. বাবুল হোসেন। তাঁরা যথাক্রমে ৯২, ৭৬ ও ৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সমিতির মোট ১৩৮ জন ভোটারের মধ্যে ১৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের অভিনন্দন জানান সমিতির সদস্যরা। নতুন নেতৃত্বের কাছে দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও অধিকার সংরক্ষণ, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
প্রথমবার ‘না ভোট’
রাজশাহী সদর দলিল লেখক সমিতির এবারের নির্বাচনে প্রথমবারের মতো ‘না ভোট’ দেওয়ার সুযোগ রাখা হয়। কোনো ভোটারের পছন্দের প্রার্থী না থাকলে তিনি ‘না ভোট’ দিতে পেরেছেন। নির্বাচন কমিশনের এ উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


