
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।’
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মকাণ্ড জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


