
“মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করতে পারলে, বেকারত্ব দূরীকরণ সম্ভব” বলে মন্তব্য করেছেন মৎস্য ভবন প্রশাসন (চলতি দায়িত্ব) পরিচালক এস. এম. রেজাউল করিম। শনিবার (২১ জুন) রাজশাহী অলকার মোড়ের মাইডাস রেস্টুরেন্টে মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক কর্মশালা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, “মৎস্য সেক্টরকে যদি আমরা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করতে পারি, তবে শুধু এই একটি খাত দিয়েই দেশের সকল বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।”

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর ।
রাজশাহীর অলকার মোড়ে অবস্থিত মাইডাস রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় মৎস্য খাত সংশ্লিষ্ট ৬০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “মৎস্য খাত একটি সম্ভাবনাময় খাত। এই খাতকে শক্তিশালী করতে পারলে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে।”
কর্মশালার সমাপ্তি ঘোষণার সময় অংশগ্রহণকারীরা মৎস্য খাতের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


