
বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে দীর্ঘদিন প্রবাসে থাকলেও কাজ ও ব্যক্তিজীবন ঘিরে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি। এবার হঠাৎ ভিডিও বার্তা নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন তার স্বামী অভিনেতা ওমর সানী।
ভিডিওর শুরুতে দর্শকদের সালাম জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেকদিন যাবৎ।’

এরপরই নতুন উদ্যোগের কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে চালু হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন শাখা। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
নতুন শাখায় ভক্ত-অনুরাগীদের আমন্ত্রণ জানিয়ে মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই আসলে এই শাখা হচ্ছে; তবুও আমি জানি আপনারা আসবেন। যারা যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্টুরেন্টের গ্রাহক রয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল।’
নতুন শাখায় খাবারের বৈচিত্র্যও থাকবে বলে জানান তিনি। মৌসুমীর ভাষ্য, সেখানে চাপের পাশাপাশি বাঙালিয়ানার বিভিন্ন ধরনের খাবারও রাখা হবে।
ভিডিও বার্তার শেষ দিকে ভক্ত-অনুরাগীদের শুভকামনা জানান মৌসুমী এবং নিজেদের জন্য সবার কাছে দোয়া চান।
এদিকে বিভিন্ন সময় ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। তাদের বিচ্ছেদ নিয়েও আলোচনা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুজনকে একসঙ্গে দেখা যাওয়া এবং এবার রেস্টুরেন্টের নতুন উদ্যোগ নিয়ে মৌসুমীর প্রকাশ্য ভিডিও বার্তা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। প্রকাশ্য এসব কর্মকাণ্ডে তাদের পারিবারিক ও ব্যবসায়িক যোগাযোগের বিষয়টি দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তারা নিজেরা নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।


