
রাজশাহী স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি, লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড ছিটিয়ে মশার লার্ভা ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)২০২৬ উপজেলার কেশরহাট পৌরসভার বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য-সদস্যাসহ প্রায় ৯০ জন এতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
অভিযানের অংশ হিসেবে জীবাণুনাশক ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন ও ফগার মেশিন ব্যবহার করে লার্ভিসাইড ছিটানো হয়। এ সময় এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয়দের জমে থাকা পানি অপসারণ, দোকান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে আনসার-ভিডিপির সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো আনসার-ভিডিপি সদস্যদের অন্যতম দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া আনসার-ভিডিপি সদস্যরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু অভিযান চলাকালে নয়, নিয়মিতভাবে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখার জন্য সবাইকে সচেতন দিকে কেশরহাট পৌর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আনসার-ভিডিপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জনসাধারণের পাশে দাঁড়িয়ে আনসার-ভিডিপির সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



