
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এবং দলীয় প্রস্তুতি ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সিপাল জি এ এম আব্দুল আওয়ালকে ঘিরে এলাকায় নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি মোহনপুরে তাঁর কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে জি এ এম আব্দুল আওয়াল বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং এটি একটি আমানত ও দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি।”
স্থানীয় সূত্রে জানা যায়, একজন আলেম হিসেবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, “সমাজে ন্যায়, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। নির্বাচন এলে প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু আমরা চাই কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে।”
উপজেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জি এৌ এম আব্দুল আওয়াল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সাধারণ মানুষ যেন সঠিক সেবা পায়, সে বিষয়ে কাজ করা হবে। পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
আসন্ন নির্বাচনে মোহনপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ড এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে জি এম আব্দুল আওয়াল ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন।


