
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ২০২৬ সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোহনপুর পূর্ব আদর্শ থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রেজুয়ানুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুয়েল রানা।
প্রধান অতিথির বক্তব্যে রেজুয়ানুল ইসলাম বলেন, “শিক্ষা জাতির উন্নতির মূল চাবিকাঠি। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান আলোচক জুয়েল রানা বলেন, “একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএএম মাওলানা আব্দুল আওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী পশ্চিমের কলেজ ও দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ কাফি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আওয়াল বলেন, “শিক্ষা মানুষের জ্ঞানের বিকাশ ঘটায় এবং নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। শিক্ষার্থীদের সত্য, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।
কর্মসূচিতে জেলা সাথী মাহফুজুর রহমান, সিফাত আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোহনপুর পূর্ব আদর্শ থানার সভাপতি বাপ্পি হোসেন।
এদিকে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোহনপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।



