

একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারী সমাজকে অবমাননার অভিযোগ করে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তিনি বলেন, বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলেছেন, এভাবে আইডি হ্যাক হয় না।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত অধিকার পুনরুদ্ধার করবে।
তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে যত পরিকল্পনাই নেওয়া হোক, দেশ পুনর্গঠন সম্ভব নয়।
তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।
বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে।
একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে।
তারেক রহমান বলেন, প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য নয়।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী, খুলনা-১ আসনের প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুর হাসান বাপ্পী, সাতক্ষীরা১ আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা- ২ আসনের প্রার্থী মো: আব্দুল রউফ, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা -৪ আসনের প্রার্থী মো: মনিরুজ্জামান, বাগেরহাট ১ আসনের ধানের শীষের প্রার্র্র্র্র্থী কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনের প্রার্থী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ৪ আসনের প্রার্থী সোমনাথ দে প্রমুখ।


