
৪ হাজার ২৯টি আবেদন থেকে উন্মুক্ত লটারি; নিয়োগ দেবে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি’-তে শূন্য অভিবাসন ব্যয়ে চাকরির জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে উন্মুক্ত লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরে ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব আবেদন থেকে লটারি সম্পন্ন করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। নিয়োগপ্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি লটারি আয়োজন করা হয়।


