
রাজধানীতে মশার প্রকোপ কমাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্বীকার করেন, নগরীতে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে এবং বিষয়টিকে তাৎক্ষণিক অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানি করা মশা নিধনের ওষুধের একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব ওষুধের কার্যকারিতা দ্রুত পরীক্ষা করা হবে। যদি পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়া যায়, তাহলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। চলমান কার্যক্রমের মাধ্যমে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতার ওপরও জোর দেন তিনি। বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


