
রাজশাহীর নওহাটায় ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়ার চেষ্টার অভিযোগে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে ঢাকার সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে নওহাটা এলাকার একটি ফিলিং স্টেশনে ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে তেল নেওয়ার সময় পাঁচ কর্মীকে আটক করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তারা নেওয়া প্রায় ৩০০ লিটার তেল ফেরত দিতে বাধ্য হন।
অভিযুক্তরা হলেন নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক বলেন, ঘটনার পরপরই তাদের স্টেশন থেকে প্রত্যাহার করে ঢাকার সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ব্যক্তিগত প্রয়োজনে জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে ভুয়া চাহিদাপত্র ব্যবহার করেন।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


